বিনোদন ডেস্ক:আন্তর্জাতিক ক্রিকেট থেকে বৃহস্পতিবার (৬ জুলাই) অবসরে যাওয়ার ঘোষণা দেন ক্রিকেটার তামিম ইকবাল। তার এই ঘোষণার পর দেশের তারকা ক্রিকেটার থেকে শুরু করে বিনোদন ইন্ডাস্ট্রির অভিনয়শিল্পী এবং সাধারণ ক্রিকেটপ্রেমীরা দুঃখ প্রকাশ করেন।
তামিমের অবসরে যাওয়ার ঘোষণার পর অনেকে তাকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার আহ্বান জানান। তবে এসব জল্পনা এবং ঘোষণার পরদিনই সিদ্ধান্তে পরিবর্তন দেখা গেল ক্রিকেটারের।
শুক্রবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর অবসরে যাওয়ার ঘোষণা থেকে সরে দাঁড়ানোর কথা জানান তামিম। প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ শেষে অবসরে যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। তবে আপাতত দেড় মাসের ছুটিতে থাকবেন বলে জানান তিনি।
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তামিম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ডাকেন এবং ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমি আমার অবসরে যাওয়ার সিদ্ধান্ত ফিরিয়ে নিচ্ছি। আমি সবাইকে না বলতে পারলেও একটি দেশের প্রধানমন্ত্রীকে না বলতে পারিনি।’
এদিকে তামিমের ফিরে আসার ঘোষণায় অন্য সবার মতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক অভিনয়শিল্পী। সেই তালিকায় রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি শুক্রবার (৭ জুলাই) রাত ৮টায় ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেন। ছবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরাফি বিন মুর্তজা ও তামিমকে দেখা যায়।
ইরফান সাজ্জাদ ক্যাপশনে লেখেন, ‘আবার স্বাগতম চাটগাইয়া। এখন ফিরে আসুন সত্যিকারের অধিনায়কের মতো, সত্যিকারের মানুষের মতো। কঠোর পরিশ্রম করুন ভাই, চট্টগ্রামকে গর্বিত করুন, গর্বিত করুন বাংলাদেশকে।’
এর আগে বৃহস্পতিবার তামিমের অবসরে যাওয়ার ঘোষণার পর এই অভিনেতা লিখেছিলেন, ‘এটা ঠিক সময় ছিল না ভাই। কোথায় পারফরমেন্স দিয়ে স্ট্রংলি ব্যাক করবেন, বিশ্বকাপে অধিনায়ক হিসেবে বাংলাদেশকে লিড করবেন, সেটা না করে সিরিজের মাঝখানে হঠাৎ এই সিদ্ধান্ত সত্যি হতাশাজনক। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও একই কাজ করেছিলেন! এটা বীরত্ব নয় ভাই। আমরা আপনাকে খুব মিস করব।’

নিজস্ব প্রতিবেদক 


























