সৈয়দ আশফাক তানভীর :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মৈষাজুরী গ্রামের বাসিন্দা আশীষ কুমার পাল কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগে অসামান্য অবদান রেখে চলছেন। ইতোমধ্যে তিনি উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়েও পুরস্কৃত হয়েছেন। মাধ্যমিকের গÐি পেরিয়েই তিনি বৈষয়িক বিষয় দেখাশুনায় মনোনিবেশ করেন। পৈত্রিক সম্পত্তিতেই শুরু করেন কৃষি কাজ। গড়ে তুলেন মৎস্য ও গবাদি পশুর খামার। এসব থেকে প্রতি বছর তিনি আয় করেন লক্ষ লক্ষ টাকা। সরেজমিন রাউৎগাঁওয়ে তার বাড়িতে গেলে দেখা যায়, বিশাল গরু ও মৎস্য খামার বায়োগ্যাস প্লান্ট। কথা প্রসঙ্গে তিনি বলেন, বাবা মারা যাওয়ার পর লেখাপড়া বাদ দিয়ে বৈষয়িক সম্পত্তি দেখাশুনা শুরু করেন। ব্যতিক্রমী কিছু করার ইচ্ছা থেকে তিনি
মনোনিবেশ করেন পশু পালনে। ১৯৯১ সালে গড়ে তুলেন গরুর খামার। গরুর দুধ ও ষাড় বিক্রি করেই আয়ের শুরু। খামার করতে গিয়ে প্রাণী সম্পদ বিভাগের পরামর্শে গাভীর কৃত্রিম প্রজননের উপর গ্রহণ করেন বিশেষ প্রশিক্ষণ। এর পর থেকে তিনি উপজেলার অর্ধশতাধিক খামারে কৃত্রিম প্রজননের উপর কাজ করেন। একজন দক্ষ কারিগর হিসেবে গোটা উপজেলার খামারিদের কাছে এখন আশীষ কুমার পালের ব্যাপক কদর। আশীষ কুমার পাল আরও জানান, গরুর গোবর কাজে লাগাতে তৈরি করেন বায়োগ্যাস প্লান্ট ও জৈব সার উৎপাদন। বায়োগ্যাসে চলে পারিবারিক রান্নাবান্নার কাজ আর জৈব সারে করেন ধান চাষ। ধান চাষের পাশাপাশি উন্নত আলু চাষ ও গরুর খাদ্যের জন্য ঘাস উৎপাদন করেন। বর্তমানে ৩২ বিঘা জমিতে জৈব সার ব্যবহার করে বছরে ২ বার আউশ ও আমন চাষ করেন। নিজের খাবার শেষে কয়েক লক্ষ টাকার ধান বিক্রি করেন। এছাড়া ১৫ বিঘা জমিতে রয়েছে তার মৎস্য খামার। এই খামারে রুই ও কাতলা জাতের মাছ রয়েছে। বছরে এই খাত থেকেও তিনি আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছেন। এসব কাজের স্বীকৃতি হিসেবে আশীষ কুমার পাল ১৯৯৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষী নির্বাচিত হন। ১৯৯৯ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব লাভ করেন। সমন্বিত কৃষি ভিত্তিক খামার স্থাপনে ২০১২ সালে জাতীয় পর্যায়ে ব্রোঞ্জ পদক পান। চলতি বছর ২০২২ সালে প্রাণী সম্পদ প্রদর্শণী মেলায় উপজেলা পর্যায়ে প্রথম পুরস্কার লাভ করেন। আশীষ কুমার পালের স্বপ্ন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগে পৃথকভাবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা। সে লক্ষ্যে তিনি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমেন জানান, সমন্বিত কৃষিতে আশীষ কুমার পাল একজন সফল ব্যক্তি। কৃষি বিভাগ তার সকল কর্মকাÐে সার্বক্ষণিক সহযোগিতা করে থাকে। কুলাউড়া প্রাণী সম্পদ কর্মকর্তা মিঠুন সরকার জানান, খামারি আশীষকে কুলাউড়া প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা আমরা করে থাকি। ওনাকে ইতিমধ্যে ঘাসের প্লান্টসহ গো-খাদ্য সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 



























