ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সরকার হিসেবে শপথ নেবে বিএনপি। এ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ অনুযায়ী নতুন সরকারের সম্ভাব্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে প্রস্তুত রাখা হয়েছে ৫০ জন চালক। এসব গাড়ি ইতোমধ্যে সচিবালয়ে পৌঁছেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে সরেজমিনে দেখা গেছে, মন্ত্রিপরিষদ ভবনের সামনে সারিবদ্ধভাবে ৫০টি গাড়ি রাখা হয়েছে। যারা নতুন সরকারে শপথের আমন্ত্রণ পাবেন, তাদের বাসা থেকে বঙ্গভবনে নিয়ে যাওয়ার জন্য এসব গাড়ি পাঠানো হবে।
এ ছাড়া নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য মনোগ্রাম ও পতাকা স্ট্যান্ডসংবলিত প্রয়োজনীয় সংখ্যক গাড়িও প্রস্তুত রাখা হয়েছে।
তবে গাড়ি প্রস্তুত থাকলেও নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ধারণা পাওয়া যায়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ থেকেই উপদেষ্টারা দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রস্তুত করা ৫০টি গাড়িতেই পতাকা টানানোর স্ট্যান্ড রয়েছে। যেসব গাড়ি মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য বরাদ্দ হবে, সেগুলোর পতাকা স্ট্যান্ডে জাতীয় পতাকা সংযুক্ত করা হবে। প্রতিটি গাড়ির জন্য একজন করে চালক প্রস্তুত রাখা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ৫০টি গাড়ির জন্য ৫০ জন চালক নতুন মন্ত্রীদের দায়িত্ব পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে যারা উপদেষ্টাদের চালক হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের মধ্য থেকেও নিয়োগ দেওয়া হচ্ছে। তবে এবার নতুন চালকদের প্রাধান্য দেওয়া হয়েছে। এক চালক বলেন, এখনও জানি না, কে কোন মন্ত্রীর ডিউটি পাব। আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
আমরা সকাল ১০টা থেকে এখানে অবস্থান করছি।
এ বিষয়ে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেনন বাংলানিউজকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ৬৮টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। শপথ উপলক্ষে আমাদের কাছে গাড়ি চাওয়া হয়েছে। এখন পর্যন্ত ৫০টি গাড়ি পাঠানো হয়েছে। প্রয়োজন হলে আরও গাড়ি প্রস্তুত রয়েছে। প্রস্তুত রাখা গাড়িগুলো ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সাধারণত ল্যান্ড ক্রুজার ও ক্যামরি গাড়ি ব্যবহার করেন।
এদিকে গাড়ি প্রস্তুত থাকলেও নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে দুই যুগ পর সরকার গঠন করছে দলটি। দলটির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন-এ ঘোষণা আগেই দিয়েছে বিএনপি। ইতোমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ১৭ ফেব্রুয়ারি বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন।

নিজস্ব প্রতিবেদক 























