ডেস্ক রিপোর্ট : আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচটি এমনিতেই ছিল আবেগঘন। তার ওপর ম্যাচ শেষে রেফারির করা একটি মজার কাণ্ড যোগ করেছে আরও একটি স্মরণীয় মুহূর্ত।
বিদায়ী ম্যাচের স্মৃতি হিসেবে মেসির হাতে হলুদ ও লাল কার্ড দুটিই তুলে দেন ম্যাচের রেফারি।
বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর মেসিকে ঘিরে যখন উদযাপন চলছিল, তখনই দেখা যায় এই দৃশ্য।
ম্যাচে কোনো শাস্তি হিসেবে নয় বরং স্মারক হিসেবে রেফারি মেসির হাতে দুটি কার্ড তুলে দেন। মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতেই ছিল এই বিশেষ আয়োজন।
দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বেশ হাস্যরসেরও। অনেকেই মজা করে বলছেন, আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচে মেসি শেষ পর্যন্ত ‘লাল-হলুদ’ দুটো কার্ডই পেয়ে গেলেন!
তবে কার্ড দুটির পেছনে ছিল প্রতীকী অর্থ।
ফুটবলে রেফারির হাতে থাকা হলুদ ও লাল কার্ড সাধারণত সতর্কতা ও মাঠ থেকে বহিষ্কারের সঙ্গে যুক্ত। কিন্তু মেসির ক্ষেত্রে বিদায়ের মুহূর্তে সেটিই হয়ে উঠল স্মৃতি ধরে রাখার অভিনব উপহার।
বেনিনের বিপক্ষে ম্যাচটিতে অবশ্য কার্ডের চেয়েও বড় হয়ে থাকল মেসির মাঠের পারফরম্যান্স। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে গোল করার পাশাপাশি সতীর্থদের দুটি গোলে সহায়তা করেন আর্জেন্টাইন মহাতারকা। ৩-০ গোলের জয় দিয়ে জাতীয় দলের অধ্যায় শেষ করলেন মেসি।

নিজস্ব প্রতিবেদক 


























