বিনোদন ডেস্ক :: কাছের বান্ধবীর প্রাক্তন স্বামীকে বিয়ে করেছিলেন হংসিকা মোতওয়ানি। এ নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাকে।
সেই বিয়েও শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। সম্প্রতি আইনি বিচ্ছেদ হয়েছে হংসিকা ও সোহেল কাঠুরিয়া।
এই বিচ্ছেদে নাকি হংসিকা নাকি এক টাকাও খোরপোশ নেননি। বিবাহবিচ্ছেদ নিয়ে কি কোনও ক্ষোভ বা আফসোস রয়ে গিয়েছে তার?
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিচ্ছেদ নিয়ে খোলাখুলি কথা বললেন হংসিকা।
এই অভিনেত্রীর স্পষ্ট জবাব, তার বিবাহবিচ্ছেদের খবর ব্যবহার করে সমাজিকমাধ্যমে অনেকে দৃষ্টি আকর্ষণ করেছেন।
কেন বিচ্ছেদের পথে হাঁটলেন? সেই প্রসঙ্গে হংসিকা বলেন, আমি কোনও ব্যাখ্যা দিইনি।
ভবিষ্যতেও দেব না। কারণ, আমার কিছুই যায় আসে না। আমার কোনও অনুশোচনা বা আক্ষেপও নেই। ভুল ট্রেনে উঠে পড়লে, নেমে পড়তে হবে। না হলে আরও বেশি ভোগান্তি।
নিজের সিদ্ধান্ত নিয়েও সন্তুষ্ট হংসিকা। বিচ্ছেদের পর থেকে মনও ভালো রয়েছে তার। কঠিন সময়ে তার পরিবার পাশে ছিল এবং সাহস জুগিয়েছে বলেও জানান তিনি। বিশেষ করে হংসিকার মা ও ভাই এই সময়ে তার পাশে ছিলেন। বিচ্ছেদ মানেই সব শেষ নয়। এর পরেও তার ভালো থাকার অধিকার রয়েছে- এই পরামর্শ বার বার তার মা ও ভাই দিয়েছেন।
যদিও হংসিকার আইনজীবী বিচ্ছেদের কারণ হিসাবে আদালতকে জানিয়েছিলেন, বিয়ের পরে দম্পতি খুব কম সময়ের জন্য একসঙ্গে ছিলেন। সময়ের সঙ্গে তারা বুঝেছেন, তাদের দু’জনের মধ্যে নানা বিষয়ে পার্থক্য রয়েছে। জীবনযাপন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মতামত, আচরণ, সর্বত্রই নাকি তাদের মধ্যে নানা পার্থক্য রয়েছে। খুব ছোটখাটো বিষয় নিয়েই নাকি তাদের মধ্যে কথা কাটাকাটি লেগেই থাকত। কিন্তু শেষ পর্যন্ত সমীকরণ এমন জায়গায় পৌঁছায়, এক ছাদের নীচে থাকা তাদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে।
২০২২ সালের ৪ ডিসেম্বর ভারতের জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন হংসিকা-সোহেল। দাম্পত্য জীবনের চার বছরের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন হতাশ করেছে হংসিকার ভক্ত-অনুরাগীদের।
হংসিকাকে বিয়ে করার আগে রিঙ্কি বজাজের সঙ্গে বিবাহিত ছিলেন সোহেল। রিঙ্কি ও হংসিকা সম্পর্কে ভালো বন্ধু ছিলেন। কিন্তু পরে হংসিকা বান্ধবী রিঙ্কির প্রাক্তন স্বামীকে বিয়ে করেই কটাক্ষের শিকার হয়েছিলেন। সমালোচিত হয়েছিলেন সোহেল নিজেও।
বলে রাখা যায়, হৃতিক রোশান অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘কোই মিল গ্যায়া’। সিনেমাটিতে ছোট্ট টিনা চরিত্র দর্শকের মন কেড়েছিল হংসিকা মোতওয়ানি। ২০০৭ সালে তেলেগু ভাষার ‘দেশামুড়ুরু’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। তারপর তামিল, মালায়ালাম, কন্নড়, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন।

নিজস্ব প্রতিবেদক 




























