ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমধুর কণ্ঠের জাদুতে ভাইরাল হওয়া গুণী শিল্পী ‘লাইলী বাউল’ এর শিল্পসাধনার স্বীকৃতি ও তাঁর কল্যাণে হাত বাড়িয়ে দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বুধবার (১৭ জুন) সংস্কৃতি মন্ত্রী অফিস কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি নিজ হাতে লাইলী বাউলের হাতে ৩ লাখ টাকার একটি আর্থিক সহায়তার চেক তুলে দেন।
চেক বিতরণ শেষে মন্ত্রী তাঁর নিজ দপ্তরে লাইলী বাউলের কণ্ঠে সরাসরি লোকগান ও বাউল গান উপভোগ করেন। মাটির সুর ও চমৎকার গায়কীতে মুখরিত হয়ে ওঠে মন্ত্রীর অফিস কক্ষ।
গুণী এই শিল্পীর প্রতিভার ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, প্রতিভাগুলো এমনই হয়, শত বাধা উপেক্ষা করেও তারা প্রকাশিত হয়, যেমন আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম।
তিনি আরও বলেন, আমাদের লোকজ সংস্কৃতি ও বাউল গান এদেশের প্রাণ।
প্রান্তিক পর্যায়ের এমন সুপ্ত প্রতিভাদের মূল্যায়ন ও তাঁদের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম দায়িত্ব।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 























