বিনোদন ডেস্ক :: ভারতের বাংলা সিনেমার এভারগ্রিন স্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৬৩ বছরের এই নায়ক চলতি সময়ের টলিউডের নায়কদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন। এককথায় তিনি নিজেই একটি ইন্ডাস্ট্রি। যদিও নিজে তেমনটা বিশ্বাস করেন না প্রসেনজিৎ।
ভারতীয় বাংলা ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’ হিসাবেই তুলে ধরতে চান। তবে এ কথা অস্বীকার করার অবকাশ নেই উত্তম কুমার পরবর্তী সময়ে তার চেয়ে বড় সুপারস্টার বাংলায় দ্বিতীয় আসেনি। অভিনেতার অভিনয় ক্যারিয়ার ৪২ বছরের দীর্ঘ।
বয়সে সালমান খান কিংবা শাহরুখ খানের চেয়েও বড়।
ষাটের গণ্ডি পার করেও প্রসেনজিৎ নিজের ফিটনেস ধরে রেখেছেন। ৪২ বছরের এই যাত্রাপথে তিনি এমন এক নায়ক, যিনি টলিউডের এক মা-মেয়ে জুটির সঙ্গে রোমান্স করেছেন রুপালি পর্দায়।
আশি ও নব্বইয়ের দশকে মুনমুন সেনের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ। সুচিত্রা কন্যার সঙ্গে পর্দায় তার প্রেম ছিল হিট।
আপন ঘরে, নিশি তৃষ্ণা-র মতো সিনেমায় একসঙ্গে দেখা গেছে এই জুটিকে।
এদিকে নতুন শতাব্দীতে মুনমুন কন্যা রাইমা সেনের সঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন প্রসেনজিৎ। শুরুতেই বলতে হয়- চোখের বালির নাম। ঋতুপর্ণ ঘোষের হাত ধরে সাহিত্য নির্ভর সিনেমাতে একাধিকবার ধরা দিয়েছেন তারা। ঋতুপর্ণ ঘোষের নৌকাডুবি-তেও একসঙ্গে দেখা মিলেছিল তাদের।
এছাড়াও ক্ষত সিনেমায় প্রসেনজিৎ-রাইমার রসায়ন চাক্ষুস করেছে দর্শক। নৌকাডুবি সিনেমায় শুধু রাইমা নন, মুনমুনের ছোট মেয়ে রিয়া সেনকেও দেখেছে দর্শক।
রাইমা প্রসেনজিতের চেয়ে বয়সে প্রায় ২৭ বছরের ছোট। ওদিকে মুনমুন সেন আবার বয়সে প্রেসনজিতের চেয়ে আট বছরের বড়। এই বয়সের ফারাক পর্দায় বিশেষ বাধা হয়নি।
সম্প্রতি অভিনেতা পরমব্রতর চট্টোপাধ্যায়ের ছেলে নিষাদের অন্নপ্রাশনে মুনমুন সেন ও রাইমা সেনের সঙ্গে একফ্রেমে ধরা দিয়েছেন প্রসেনজিৎ। সেখানেও তিনি স্পষ্ট জানান, মা-মেয়ে দুজনেই আমার নায়িকা।

নিজস্ব প্রতিবেদক 




























