ডেস্ক রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনার তদন্ত প্রতিবেদন শিগগিরই দাখিল করবেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলাম।
বুধবার চিফ প্রসিকিউটর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ইতোমধ্যে গুমের উপরে একটা আইন পাশ হয়েছে, তার মধ্যে যেটা ওয়াইডস্প্রেড এবং সিস্টেমেটিক যে গুমের অপরাধগুলো আসবে, সেগুলো ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার হবে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী, বিএনপি নেতা সুমনসহ অন্যান্য গুমের যে মামলাগুলো, সেগুলোর ইনভেস্টিগেশন চলমান আছে।
বিশেষ করে ২৮০ জনের মতো যারা গুমের শিকার, যাদের সন্ধান আমরা এখনো পাইনি, তারা বেঁচে আছেন কিনা-সেইটিকে আমরা কম্বাইনডলি সকল গুমের বিষয়ে একটা কম্বাইনড ইনভেস্টিগেশন আমরা করছি। যেহেতু এটা একটা ব্যাপক ইনভেস্টিগেশন, আমাদের শত শত ভিকটিমের পরিবারের সাথে আমাদের কথা বলা, তাদের সাক্ষ্যগ্রহণ, প্রয়োজনীয় আলামত সংগ্রহগুলোর কার্যক্রম চলছে।
তবে আমরা খুব শীঘ্রই আশা করছি, খুব যত দ্রুত সম্ভব এই বিষয়ে আমরা একটা পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল সাপেক্ষে এবং সবগুলোর বিষয়ে একটা বিচারের ব্যবস্থা হবে।
সালাহউদ্দিন আহমদ
২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিনকে তুলে নেওয়া হয় বলে তখন অভিযোগ করেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
সে সময় সালাহউদ্দিন বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন। একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।
ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়।
সালাহউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ।
২০১৫ সালের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে সালাহউদ্দিন খালাস পান। ভারত সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়।
২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাহউদ্দিন। আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। একই বছরের ৮ মে সালাহউদ্দিন ভ্রমণ অনুমোদনের জন্য আসাম রাজ্য সরকারের কাছে আবেদন করেন। ভ্রমণ অনুমোদন দেওয়া হলে তিনি নিজের দেশে ফিরতে চান। দেশবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে চান। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৬ আগস্ট সালাহউদ্দিন দেশে ফেরার জন্য ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পান। ১১ আগস্ট তিনি দেশে ফেরেন।
এরপর ২০২৫ সালের ৫ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের নাম উল্লেখ করা হয়।
শেখ হাসিনা ছাড়া অন্য যাদের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে, তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম। এ ছাড়া আরও অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
ইলিয়াস আলী
ইলিয়াস আলী ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক। ছাত্রদলের সাবেক এ সাধারণ সম্পাদক সিলেট-২ আসনে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১২ সালের এপ্রিলে ঢাকার বনানীতে বাসার কাছ থেকে ইলিয়াস আলীকে তুলে নেয়া হয়েছিল, তার পর থেকে তার কোনো খোঁজ আর পাওয়া যায়নি।
গত বছরের ৯ জানুয়ারি বিএনপির নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ১৫৩ জনকে গুম ও ২ হাজার ২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনার কথা জানিয়েছেন তারা। ভুক্তভোগীরা যাতে ন্যায় বিচার পান সেজন্য ওই অভিযোগ দাখিল করার কথা জানিয়েছেন বিএনপির গুম হয়ে যাওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত কমিটির সদস্য।
এ মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক 





















