ডেস্ক রিপোর্ট : ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধগুলো চিহ্নিত করতে সারা দেশে জরিপ (সার্ভে) করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ জন্য সব রাজনৈতিক দলসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠাচ্ছে প্রসিকিউশন।
বুধবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে যত মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেসব অপরাধ বা ঘটনা চিহ্নিত করতে সারা দেশে জরিপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকার এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তর, মন্ত্রণালয়, বাংলাদেশের সব নির্যাতিত রাজনৈতিক দল ও সংগঠন এবং আহত-নিহতদের পরিবারের কাছে আজই চিঠি পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে কোনো না কোনো জেলায় গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এবং সব রাজনৈতিক দলের উপস্থিতিতে, বিশেষ করে নিপীড়িত রাজনৈতিক দল ও সংগঠনের অংশগ্রহণে এসব গণশুনানি অনুষ্ঠিত হবে।
চিফ প্রসিকিউটর বলেন, গণশুনানিতে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হত্যা, বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের বিষয়ে ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে। কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা হয়ে থাকলে সেসব মামলার কাগজপত্র ও নথি পর্যালোচনা করা হবে। কোনো মামলা না হয়ে থাকলে সংশ্লিষ্ট ভুক্তভোগী পরিবারকে চিহ্নিত করা হবে।
তিনি বলেন, কোনো ঘটনা মানবতাবিরোধী অপরাধ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য হলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা হবে।

নিজস্ব প্রতিবেদক 





















