ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিনজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।
মঙ্গলবার ও বুধবার (৬ ও ৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক হামলা হয়। ইয়েমেনের হুতি গোষ্ঠী দুই হামলার দায় স্বীকার করেছে।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আবহা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত হন। সেখানে আহত হন ২৮ জন।
আহতদের মধ্যে একজন বাংলাদেশি ও একজন ফিলিপাইনের নাগরিক রয়েছেন। তাদের আঘাত সামান্য থেকে গুরুতর বলে জানানো হয়েছে।
তবে আহত বাংলাদেশির পরিচয় বা তার শারীরিক অবস্থার বিস্তারিত জানানো হয়নি।
অন্যদিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হন। আহত হন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজন সৌদি, দুজন মিসরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক।
আহত সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় বিমানবন্দরের কিছু স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন এবং আবহা বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।
তবে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে হামলার জন্য সরাসরি কোনো পক্ষকে দায়ী করেনি।
সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে সাম্প্রতিক সময়ে নতুন করে লড়াই বেড়েছে। এর মধ্যেই সৌদি আরবের বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটছে।

নিজস্ব প্রতিবেদক 

























