বিনোদন ডেস্ক:আফরান নিশো আগুনের আঁচটা টের পাওয়া যাচ্ছিল কিছুদিন ধরে। যেদিন জানা গিয়েছিল ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’ এবং ছোট পর্দার জনপ্রিয় হিরো আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। তারপর থেকে দুই ভক্ত শিবিরে শুরু হয়েছিল যুদ্ধ। গোলাবারুদ আর অস্ত্রশস্ত্রের বদলে এই দুই শিবিরে রসদ ছিল অনলাইন ট্রল আর মিম। তর্কযুদ্ধ ও বাকযুদ্ধের মাঝেই মুক্তি পায় এ দুটি সিনেমা। নতুন অভিযোগ শুরু হয় একে অপরের বিরুদ্ধে। দুই পক্ষের ধারণা, এক দল আরেক দলের সিনেমার ফুটেজ ভিডিও করে অনলাইনে আপলোড করছে।
এসব পাইরেসি আর অপপ্রচারের বিরুদ্ধে কথা বলতে আজ বিকেলে সংবাদ সম্মেলন ডাকে টিম সুড়ঙ্গ। তাদের অভিযোগ, ‘সুড়ঙ্গ’ সিনেমার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য অনলাইনে ফাঁস করে দেয়া হচ্ছে। এর মধ্যে ষড়ন্ত্রের গন্ধও পাচ্ছেন তারা।
মহাখালীর এস কে টাওয়ারের স্টার সিনেপ্লেক্সের শাখায় আয়োজিত সেই সংবাদ সম্মেলনে ‘সুড়ঙ্গ’র নায়ক আফরান নিশোকে প্রশ্ন করা হয়, একদিকে প্রথম সিনেমা, আরেকদিকে ঈদের মতো উৎসব আর শক্ত প্রতিদ্বন্দ্বী; এসব কারণে চাপ অনুভব করেছেন কি না?
জবাবে তিনি বলেন, ‘চাপ তো কোনো সময় ছিল না, শুটিংয়ের সময় ছিল। আর চাপটা কীসের? বয়স হয়ে গেছে চল্লিশের ওপরে। অনেক দিন ধরে কাজ করছি।’
‘সুড়ঙ্গ’ সিনেমার অভিনেত্রী তমা মির্জার সঙ্গে অভিনেতা আফরান নিশো
‘সুড়ঙ্গ’ সিনেমার অভিনেত্রী তমা মির্জার সঙ্গে অভিনেতা আফরান নিশো
এর মধ্যেই এক গণমাধ্যমকর্মী বললেন, ‘বয়সটা বলে দিলেন!’ তখন এল নিশোর ইঙ্গিতপূর্ণ মন্তব্যটি। সেটা এ রকম, ‘বয়স বলতে তো আমার সমস্যা নেই। আমি তো সো কল্ড ওই হিরো না যে, আমি বিয়ে করে বউয়ের কথা বলব না, বাচ্চার কথা বলব না।’
মন্তব্য পরে ফুট নোট হিসেবে যুক্ত করেন, ‘এসব ধারণা অনেক আগে ছিল যে, তোমরা যারা নায়ক, তারা বের হয়ে জনগণের সঙ্গে দেখা-সাক্ষাৎ করো না, অনেক বেশি এক্সক্লুসিভ থাকো। কিন্তু আমরা যারা ছোট পর্দায় কাজ করেছি, ভক্তরা আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করছে। তাদের সঙ্গে মতবিনিময় করা, সহজ হওয়া, কথা বলা, এটা আসলে ভদ্রতা, আন্তরিকতা। এটা বৈশ্বিকভাবেই হয়ে থাকে।’
পাইরেসি বা ফাঁস হয়ে যাওয়ার এই বিষয়ে আফরান নিশো বলেন, ‘যদি কোনো সিনেমার ক্লিপ ভাইরাল হয়, তখন তো সবারই দায়িত্ববোধ থেকে সেটার বিরুদ্ধে কথা বলা উচিত। কিন্তু সেই দায়িত্ববোধ কই? যখন কোনো দৃশ্য এ রকম ফাঁস হয়ে যায়, তখন সংশ্লিষ্টরা বেশি ব্যথিত হন। কিন্তু দায়িত্ববোধের জায়গা থেকে সবারই প্রতিবাদ করা উচিত। চোর যখন অপরাধ করে, তখন ভাবে যে কখনো ধরা পড়বে না। যারাই এসব করছেন, বুঝে অথবা না বুঝে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁজে বের করা যাবে। কখনো সময় বেশি লাগে, কখনো কম, এটুকুই।’
ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এর মধ্যে ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির পর থেকেই সিনেমাটি বেশ ভালো চলছে। দর্শক চাহিদা থাকায় বেড়েছে সিনেমাটির শো সংখ্যাও।
মুক্তি পাওয়া অন্য সিনেমা হলো- হিমেল আশরাফের ‘প্রিয়তমা’, চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ এবং বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’।

নিজস্ব প্রতিবেদক 



























