অনলাইন ডেস্ক: ফের সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের বিরুদ্ধে। এবার সাংবাদিকদের উদ্দেশ্য অভিনেত্রী বললেন, ‘ওনারাদের তো অনেক কুরকুরানি, ওটা একটু কমাই।’
গত সোমবার রাজধানীর ফিল্ম আর্কাইভ মিলনায়তনে চিত্রনায়ক সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ নির্মিত ‘গোয়িং হোম’ সিনেমার মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন নিপুণ। ওই অনুষ্ঠানে চিত্রনায়িকা নিপুণকে কয়েকজন গণমাধ্যমকর্মী বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে নিপুণ বলেন, ‘উনাদের মনে তো অনেক কুরকুরানি, ওটা একটু কমাই।’
উচ্চ আদালতের রায়ে শিল্পী সমিতির দায়িত্বপ্রাপ্ত এই অভিনেত্রীর প্রতি অভিযোগ, তিনি সব অভিনয়শিল্পীর সিনেমার অনুষ্ঠানে যান না। বেছে বেছে যাদের সঙ্গে খাতির আছে, শুধু তাদের অনুষ্ঠানে যান বলে অভিযোগ। এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেন নিপুণ বলেন, ‘রোজিনা ম্যাডাম আর জয় চৌধুরীর সিনেমার দাওয়াত আমি পাইনি। কারণ ওরা ওই (জায়েদ খান) প্যানেলের। উনারা আমাকে পছন্দ করেন না। স্বাভাবিকভাবেই উনারা আমাকে দাওয়াত দেন না।’
এরপর নিপুণের কাছে প্রশ্ন আসে, কিছুদিন আগে ফ্রান্সের কান উৎসবে যোগ দিতে ভিসা কেন পাননি। এর উত্তরে জায়েদ খানকে দায়ী করে নায়িকা বলেন, ‘জায়েদ খান বাংলাদেশকে ডুবাইছে। প্রধানমন্ত্রীর সাইন থাকার পরও শুধু জায়েদ থাকার ফলে আমাদের এমডি ভিসা পায়নি।’এর আগেও নিপুণের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছিল। কয়েক মাস আগে এফডিসিতে সাংবাদিকদের এক প্রশ্নে ক্ষেপে গিয়ে তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ করার হুমকি দিয়েছিলেন এই নায়িকা।
সে সময় এ নিয়ে বেশ সমালোচনা হয়। এবারও নিপুণের নিন্দা করছেন বিভিন্ন মহল। ‘কুরকুরানি’ শব্দটি আপত্তিকর উল্লেখ করে অনেকে সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, তার মতো একজন তারকাকে ভাষা ব্যবহারে আরও সাবধানী হওয়া উচিত।

নিজস্ব প্রতিবেদক 




























