ডেস্ক রিপোর্ট : উচ্চ তাপমাত্রা ও এ সংক্রান্ত করণীয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বার্তার সঙ্গে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২৫ এপ্রিল) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান সিকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
সর্বসাধারণের অবগতির জন্য জানানো হয়েছে, আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি ও করণীয় বিষয়ে একটি বার্তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আবহাওয়া নিয়ে পোস্টটিতে দাবি করা হচ্ছে, ‘উচ্চ সতর্কতা জারি করা হয়েছে… ২৯ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, কোনো ব্যক্তি যেন বাইরে (খোলা আকাশের নিচে) না যান, কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছে যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
…নিচে দেওয়া হয়েছে বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর নাগরিক ও বাসিন্দাদের নিম্নলিখিত বিষয়ে সতর্ক করছে।’
তবে ডিরেক্টর জেনারেল, সিভিল ডিফেন্সের বরাত দিয়ে প্রকাশিত ওই বার্তাটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
এ ধরনের তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে বিশেষভাবে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

নিজস্ব প্রতিবেদক 






















