ডেস্ক রিপোর্ট : একদল আগের দুই ম্যাচের একটিতেও জয় পায়নি। অন্যদল জয় পেয়েছে দুই ম্যাচের একটিতে। প্রথমটি আফগানিস্তান, পরেরটি ইংল্যান্ড। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আজ মুখোমুখি এই দুই দল। শক্তির বিচারে নিঃসন্দেহে এগিয়ে ইংল্যান্ড। টসও জিতলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। টস জিতেই তিনি নিলেন বোলিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানালেন আফগানিস্তানকে।
এবারের বিশ্বকাপে দুই দলের শুরুটা হয়েছে একই, বড় হার দিয়ে আসর উদ্বোধন হয় তাদের। ইংলিশরা হেরে যায় নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে, আফগান বধ করে বাংলাদেশ। ৬ উইকেটে হারায় রশিদ খানদের। তবে দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে ইংলিশরা ঘুরে দাঁড়ালেও ঘুরে দাঁড়াতে পারেনি আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে তারা হেরে যায় ভারতের কাছে। আফগানরা আজ তাই নামবে দুই পয়েন্ট সংগ্রহে। ইংল্যান্ড প্রস্তুত হয়ে আছে আরও একটা জয়ের লক্ষ্যে।
এদিকে এখন পর্যন্ত দুই দলের মোটে দুবার দেখা হয়েছে ওয়ানডে ক্রিকেটে। যেখানে স্বাভাবিকভাবেই নামে ভারে শক্তিতে এগিয়ে থাকা ইংলিশরা একচ্ছত্র দাপট দেখিয়েছে। দুই ম্যাচের উভয়টিতেই জয়ী তারা। এখন পর্যন্ত কোনো দ্বিপাক্ষিক সিরিজে ইংল্যান্ডের সাথে খেলা হয়নি আফগানিস্তানের। দুইটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে কেবল ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের কল্যাণে। যেখানে দুই ম্যাচই জিতেছে থ্রি লায়ন্সরা।
ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, রিচ টপলি, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, মার্ক উড ও ক্রিস ওকস।
আফগানিস্তান একাদশ
হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, আজমউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি ও নাভিন উল হক।

নিজস্ব প্রতিবেদক 




























