অনলাইন ডেস্ক: ফিট থাকার জন্য নানা উপায় অবলম্বন করতে হয় মডেল ও নায়িকাদের। বিশেষ করে ডায়েট ও জিমে ঘাম ঝরানোর কোনো বিকল্প নেই। সেই ডায়েট করে ফিট থাকতে গিয়েই বিপাকে পড়েছেন মডেল-অভিনেত্রী রাহা তানহা খান। একনাগাড়ে ডায়েট চার্ট ফলো করে কয়েকদিন বিরতি দেওয়ায় এ নায়িকার প্রেসার নেমে যাওয়াতে ভর্তি হতে হয় হাসপাতালে।
তবে এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন রাহা। অভিনেত্রী জানান, দেশের বাইরে থাকাকালীন ঠিকঠাক ডায়েট চার্ট মেইনটেইন করতেন। দেশে ফিরে এসে সেটা সেভাবে ফলো করেননি। পরবর্তীতে প্রেসার ফল করলে অসুস্থ হয়ে পড়েন তিনি। রাহা বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। দেশে এসে ডায়েট করতে গিয়ে প্রেসার ফল করে। খুবই অসুস্থ হয়ে পড়ি। পরে আমাকে এভারকেয়ার হাসপাতলে ভর্তি করা হয়। এক দিন ভর্তি থেকে নানারকম পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে বাসায় ফিরলাম।’
এদিকে, ফেসবুকে রাহার হাসপাতালে ভর্তির ছবি দেখে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা যায়। মন্তব্যের ঘরে অনেকেই জানতে চান কী হয়েছে। পাশাপাশি সুস্থতাও কামনা করেন নায়িকার। নৃত্যশিল্পী হিসেবে শোবিজে ক্যারিয়ারের শুরু করেছিলেন রাহা তানহা খান। তবে পরিচিতি পেয়েছেন উপস্থাপিকা ও মডেল হিসেবে। পরে চলচ্চিত্রে পুরোপুরি মনোনিবেশ করেন। ‘সারাংশে তুমি’, ‘ভালোবাসা ডটকম’, ও ‘রূপ’ ছবিতে দেখা মিলেছে তার। মুক্তির অপেক্ষায় আছে তার ‘মাফিয়া’ ও ‘ওস্তাদ’ ছবি দুটি।

নিজস্ব প্রতিবেদক 


























