কিন্তু প্রেমের কথা বিভিন্ন সাক্ষাৎকারে কবুল করলেও বিয়ের খবর এতদিন প্রকাশ করেননি রোশান বা তার স্ত্রী এশা। কিন্তু কেন? কীসের ভয়ে বিয়ের কথা চেপে রেখেছিলেন? সদ্য দেয়া একটি সাক্ষাৎকারে সেই ভয়ের কথাই প্রকাশ করেছেন রোশান।
সময়ের ব্যস্ত এই নায়ক বলেন, ‘জীবনে কখনো কিছু লুকাইনি। যে জন্য প্রেমের কথা সবাইকে আগেই জানিয়েছি। প্রেমের কথা গোপন রাখা মানে ভালোবাসার প্রতি অসম্মান করা। প্রেমিকার সঙ্গে আনন্দঘন ছবিও প্রকাশ করেছি।’
রোশান বলেন, ‘এটা সত্যি যে বিয়ের কথা গোপন রেখেছি। বিভিন্ন কারণে জানানো হয়নি। আমার শ্বশুর বিষয়টি জানতেন না। তিনি আমাদের বিয়েটা কীভাবে নেবেন, তা ভেবে বেশ ভয়ে ছিলাম। তবে জানার পর তিনি খুশিই হয়েছেন। এরপরই তিনি বিবাহোত্তর অনুষ্ঠানের উদ্যোগ নেন।’
অর্থাৎ রোশানের কথায় পরিষ্কার যে, শ্বশুরের ভয়েই তিনি এশার সঙ্গে বিয়ের কথা প্রকাশ করেননি প্রায় তিন বছর। পাশাপাশি সাক্ষাৎকারে নিজেদের হানিমুন নিয়েও কথা বলেন এই নায়ক।কবে কোথায় হানিমুনে যাচ্ছেন প্রশ্নে রোশান বলেন, ‘এশার পরিবার যেহেতু বিয়ের বিষয়টি জানত না, তাই দুজনের দেশের বাইরে যাওয়া হয়নি। তবে বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি। শিগগিরই মালদ্বীপ অথবা থাইল্যান্ডে হানিমুনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’
রোশানের স্ত্রী এশার জন্ম ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। আর এক সেমিস্টার পরেই তার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হবে।
রোশান একটি সাক্ষাৎকারে জানান, ফেসবুকের বদৌলতে এশার সঙ্গে তার পরিচয়। এরপর তারা দুই মাস ফোনে কথা বলেন। ঢাকার একটি রেস্টুরেন্টে দেখাও করেন। তখনো কেউ কাউকে ‘ভালোবাসি’ বলেননি। মাসদুয়েক সময় নেন একে অন্যকে বুঝতে। এরপর সম্পর্কে জড়ান। তারপর বিয়ে।
এদিকে, কাজের ক্ষেত্রে রোজার ঈদে মুক্তি পেয়েছে রোশান অভিনীত দুটি সিনেমা। একটি ‘পাপ’, অন্যটি ‘জ্বীন’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও সৈকত নাসির পরিচালিত ‘পাপ’-এ রোশানের নায়িকা ইয়ামিন হক ববি।
অন্যদিকে, ‘জ্বীন’ও জাজ মাল্টিমিডিয়ার ছবি। এখানে রোশানের সহশিল্পী জান্নাতুন নূর মুন, পূজা চেরি ও আব্দুন নূর সজল। প্রযোজক আবদুল আজিজের গল্পে ও আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন অভিনেতা নাদের চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক 



























