বিনোদন ডেস্ক :: চলতি বছরের জুলাইয়ে প্রথম সন্তানের মা হয়েছেন ভারতীয় অভিনেত্রী কারিশমা তান্না। পুত্রের নাম রেখেছেন বেদ।
তারপর কখনও সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের সঙ্গে মুহূর্ত ভাগ করে নিয়েছেন, কখনও আবার মাতৃত্বের এমন কিছু অভিজ্ঞতার কথা বলেছেন, যা অনেক নতুন মায়ের কাছেই খুব চেনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রসবের পরের মানসিক পরিবর্তন এবং অবসাদ নিয়ে খোলামেলা কথা বলেছেন কারিশমা।
এই অভিনেত্রীর কথায়, সন্তান জন্মের আগেই তিনি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছিলেন। জানতেন, প্রসবের পরের অবসাদ বাস্তব।
কিন্তু সব জেনেও সেই অনুভূতি এড়িয়ে যাওয়া যায় না।
কারিশমার বক্তব্য, এই সময়ে সবচেয়ে জরুরি হল নিজের প্রতি অপরাধবোধ তৈরি না করা।
প্রত্যেক মায়ের অভিজ্ঞতা আলাদা। তাই অন্য কারও সঙ্গে নিজের পরিস্থিতির তুলনা না করে নিজের মতো করে মাতৃত্বকে গ্রহণ করার কথাই বলেছেন এই অভিনেত্রী।
মা হওয়ার পর শরীরের পরিবর্তন, অস্ত্রোপচার, হরমোনের ওঠানামা- সব মিলিয়ে সময়টা যে কতটা কঠিন, সেই অভিজ্ঞতাও শেয়ার করেছেন অভিনেত্রী। তার ভাষায়, কখনও সামান্য কারণেও চোখে জল চলে আসে, আবার সেই অবস্থাতেই সন্তানকে সামলানোর শক্তি খুঁজে নিতে হয়।
তবে কঠিন এই অধ্যায়ের মধ্যেও মাতৃত্বের সৌন্দর্য খুঁজে পেয়েছেন কারিশমা। তার মতে, সন্তানকে পৃথিবীতে আনার সময় একজন নারীর যে শক্তির প্রয়োজন হয়, সেটাই আসল শক্তি। সেই অভিজ্ঞতা তার কাছে ‘সুপার পাওয়ার’-এর মতো মনে হয়েছে।
ছোটপর্দা, সিরিজে বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কারিশমা তান্না। তবে আপাতত পরিবার এবং ছেলেকেই গুরুত্ব দিতে চান অভিনেত্রী।

নিজস্ব প্রতিবেদক 



























