ডেস্ক রিপোর্ট::বেশ কিছুদিন ধরেই সুনসান নীরবতা ছিল মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়। বিশ্বকাপ ব্যর্থতার পর বুধবার (২২ নভেম্বর) মিরপুরে হাজির হন সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই দুইজনের আসার খবরে স্টেডিয়াম প্রাঙ্গনে বৃদ্ধি পায় সংবাদকর্মীদের ভিড়।
মিরপুরে এসে সাকিব কথা বলেছেন হাথুরুসিংহের সঙ্গে। তারা একসঙ্গে বসেছেন, আলোচনাও করেছেন। জানা গেছে, সাকিব মিরপুরে এসেছিলেন বিসিবির মেডিকেল বিভাগে নিজের আঙুল দেখাতে। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার।
সাকিবের আঙুলের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছে বিসিবির মেডিকেল বিভাগ। তাদের পক্ষ থেকে জানানো হয়, সাকিবের পরবর্তী অবস্থা বুঝতে আরও তিন সপ্তাহ সময় লাগবে। এই সময়টুকু না গেলে কিছুই বলা যাবে না। তিন সপ্তাহ পর এক্স-রে ফল ভালো না এলেও আবার নতুন করে চিকিৎসা শুরু হবে সাকিবের। চোট ভালো হলে শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া।
আগামী ১১ অথবা ১২ ডিসেম্বর ফিরতি সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে যাওয়া সেই সফরে সাকিবকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

নিজস্ব প্রতিবেদক 




























