ডেস্ক রিপোর্ট:বরাবরের মত টানটান উত্তেজনা, রোমাঞ্চ আর সমানে সমান লড়াই নিয়েই হাজির হয়েছে এবারের অ্যাশেজ। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার সাদা পোশাকের ঐতিহ্যবাহী দ্বৈরথ উপহার দিচ্ছে দারুণ সব মুহুর্তে। প্রথম দুই টেস্টে হেরে ইংলিশরা পিছিয়ে পড়লেও সিরিজ জয়ের আশা দেখছে অজিরা। এদিকে লর্ডস টেস্টের শেষ দিনে জনি বেয়ারস্টোর বিতর্কিত আউট নিয়ে মুখোমুখি অবস্থানে পৌঁছেছে দুই দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।
এজবাস্টনে প্রথম টেস্টে হারের পর বেশ সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। বাজবলের কারণেই ম্যাচ জিততে পারছেনা তারা এমন কথা শুনতে হলেও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর বার্তাই দিয়েছিল ইংলিশ ক্রিকেটাররা। তবে লর্ডসেও ৪৩ রানে হেরেছে বেন স্টোকসের দল। শেষ দিনে বেয়ারস্টোর আউটের পর স্টোকস জয়ের আশা দেখালেও শেষ পর্যন্ত পারেননি। তবে এ হারকে ছাপিয়ে আলোচনা-সমালোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে বিতর্কিত সেই ডিসমিসাল।
ক্যামেরন গ্রিনের করা বাউন্সার বেয়ারস্টো ডাক করলে বল চলে যায় অজি উইকেট রক্ষক এলেক্স ক্যারির হাতে। তখন পপিং ক্রিজ থেকে ইংলিশ ব্যাটার বেরিয়ে আসলে বল ছুঁড়ে স্টাম্প ভাঙেন ক্যারি। পরে থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্তই বহাল রাখেন। ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক স্টোকস বলেছিলেন এমন ডিসমিসাল ক্রিকেটীয় চেতনার পরিপন্থী।
এই আউট নিয়েই এখন সরগরম ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেটপাড়া। সাবেক কিংবদন্তী ইংলিশ ওপেনার জিওফ বয়কট তো অজিদের গণক্ষমা চাওয়ার দাবীও তুলেছেন। তিনি বলেন, ‘তোমরা যদি যে কোনো মূল্যে জিততে চাও তবে ক্রিকেট খেলা তোমাদের জন্য নয়।’
Australia’s win over England in the second Ashes Test on Sunday which saw them go 2-0 up in the series was overshadowed by the controversial dismissal of the hosts’ #JonnyBairstow.#Ashes2023https://t.co/KIyE0v05yu
— CricketNDTV (@CricketNDTV) July 4, 2023
ইংলিশ গণমাধ্যম টেলিগ্রাফে লেখা এক কলামে বয়কট আরও বলেন, ‘আমরা চাই সবাই কঠোর লড়াই করুক কিন্তু অবশ্যই কিছু নৈতিকতা মেনে চলা উচিত। যখন ব্যাটার কোনো সুবিধা নিচ্ছে না তখন ক্রিকেটীয় আইনের দোহাই দিয়ে অনৈতিক কাজ করার কিছু নেই।’
এরপর অজিদের ক্ষমা চাওয়ার দাবী তুলে তিনি বলেন, ‘ওদেরকে এমন কাজের জন্য গণক্ষমা চাইতে হবে।’
এদিকে একই বিষয়ে কথার লড়াইয়ে নেমেছেন দুই দলের সাবেক ক্রিকেটার, কোচরাও। ম্যাচ শেষে ইংলিশ কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছিলেন, ‘এভাবে আউট করায় তিনি হতাশ, অজিদের সঙ্গে বসে বিয়ার পান করার ইচ্ছাও মরে গেছে তাঁর।’ আর ইংল্যান্ড কোচের এমন তীর্যক মন্তব্যে জোরালো আপত্তি জানিয়েছেন অজি কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড।
ম্যাকডোনাল্ড বলেন, ওর সাথে সরাসরি কথা হয়নি, ‘তবে এমন মন্তব্যে আমি হতাশ। এদিকে এমন আউটের ব্যাপারে অজি অধিনায়ক প্যাট কামিন্সের কথাই পুনর্ব্যক্ত করেছেন কোচ। কামিন্স ম্যাচ শেষে জানিয়েছিলেন, বেয়ারস্টো বারবার ক্রিজ থেকে বেরিয়ে যাচ্ছিল, তাই আমরা এমন একটি ডিসমিসালের পরিকল্পনা করেছিলাম।’
আগামী বৃহস্পতিবার তৃতীয় টেস্টে মুখোমুখি হবে এ দুই দল। টানা দুই ম্যাচ হার এবং এমন পরিস্থিতির পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিজেদের করে নেয়ার প্রতিজ্ঞাই করছে ইংল্যান্ড। এদিকে আর এক্ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নিতে পারবে অজিরা।

নিজস্ব প্রতিবেদক 




























