বিশেষ প্রতিনিধি: ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭, আহত অন্তত ১৩ জনের খবর পাওয়া গেছে।
জানা যায়, সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল আনুমানিক ৭টা ১০মিনিটে ওসমানীনগর উপজেলার ৬নং তাজপুর ইউনিয়নের কাশিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকামুখী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। গুরুতর আহত অন্তত ১৩ জনকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
এ ঘটনায় নিহত সাতজনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত সাফিউদ্দিনের ছেলে হাজী সাইফুল ইসলাম (৫০) এবং সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার চন্ডীপুর এলাকার জাহাঙ্গীরের তিন বছর বয়সী মেয়ে ফাইজা। নিহত অপর পাঁচজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান দৈনিক মৌমাছি কন্ঠকে জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

নিজস্ব প্রতিবেদক 





















