বিনোদন ডেস্ক:প্রতি বছরের মতো এ বছর ঈদেও একক সংগীতানুষ্ঠান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান। এবার একসঙ্গে দুটি চ্যানেলে একক সংগীতানুষ্ঠান নিয়ে আসছেন তিনি। এটিএন বাংলার পাশাপাশি সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজেও দেখা যাবে এই শিল্পীকে। সংগীতের প্রতি তার রয়েছে অসম্ভব ভালোবাসা। তাই তো নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে।
গত কয়েক বছর ধরে ঈদে ড. মাহফুজুর রহমানের গান শোনা যায়। তার গান মানেই শ্রোতাদের বাড়তি আগ্রহ। আর টিনএজেরা মুখিয়ে থাকেন তার গান নিয়ে ট্রল করার জন্য। করোনা মহামারিতেও থেমে ছিলেন না এই শিল্পী।
বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় তার একক গানের অনুষ্ঠান প্রচার হবে। একগুচ্ছ গান নিয়ে সাজানো হয়েছে ‘তুমি আমার অন্তরে’ অনুষ্ঠানটি। ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে সংগীতানুষ্ঠানটি। এসব তথ্য নিশ্চিত করেছেন চ্যানেল কর্তৃপক্ষ।
এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১১টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। গানগুলোর শিরোনা হলো—
ভেঙে চুরে ছারখার, তোমার হাঁসি ভালোবাসি, মনটা শুধু তোমার, চুপি চুপি কাছে এসে, তোমায় খুজে বেড়ায়, ওই আকাশ নীলে দুজন এবং রিমিক্স দাইমা-৩। এছাড়াও অনুষ্ঠানটিতে থাকছে জনপ্রিয় চারটি গজল। এগুলো হলো— আকেলা না জানা, কাভিতো তুমকো, মুঝে তুম নাজারসে ও চুপকে চুপকে।
এটিএন নিউজে প্রচার হবে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘তোমার মাঝে বাঁচি’। ১০টি গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানেও থাকছে জনপ্রিয় চারটি গজল। এগুলো হলো— ফাসানা এ দিল, দুনিয়া কিসি কে পেয়ার, হামছে বাদাল গ্যায়া ও ঝুমে এ দিল। এছাড়া থাকছে আজ থেকে সবাইকে, তুমিতো জানো না, একটুখানি হাসো না, ও রমনী, তোমাকে ভালোবাসি খুব এবং মনের স্বীকৃতি শিরোনামের গান। এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।
২০১৬ সালের ঈদুল আজহায় গায়ক হিসেবে হাজির হয়ে সারাদেশে হইচই ফেলে দেন মাহফুজুর রহমান। হাট, ঘাট, মাঠ, সর্বত্রই তাকে নিয়ে চলে আলোচনা। তার বেসুরো গায়কি নিয়ে অনেক সমালোচনা ও বিতর্ক চললেও দমে যাননি, বরং নিয়মিত গান করে যাচ্ছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক 




























